মেহেরপুরের গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলেহিম হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা
মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলেহিম হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আলেহিম হোসেন মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। সে কৃষি কাজ করার পাশাপাশি ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন,১৬ কাঠা জমি নিয়ে প্রতিবেশি কাদের আলী ও সাদু মন্ডলের ছেলেদের সাথে বিরোধ চলছিলো।
সকালে আলেহিমের চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যায়। সেখানে চাচা খলিলুর রহমানের সাথে আলেহিম দেখা করতে যায়। এসময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম,আব্দুল হান্নান,বান্টু ও সাদুর ছেলে সেন্টু সহ তাদের সহযোগিরা জমি দখল করতে যায়। জমি দখলে আলেহিম ও খলিলুর রহমান তাদের বাধা দিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় আহত হয় চাচা খলিলুর রহমান। এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলে পাওয়া যায়নি। এবিষয়ে অভিযুক্তদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।