মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে চার ফসলি আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এলাকাবাসী।

0

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

 

মেহেরপুর প্রতিনিধি –

 

মেহেরপুরে চার ফসলি আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চাঁদবিল গ্রামের কৃষক ও এলাকাবাসী। আজ রবিবার সকাল সাড়ে ১০টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদবিল গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।তাদের দাবি, গ্রামের অবশিষ্ট কৃষিজমি অধিগ্রহণ করা হলে কৃষিনির্ভর দরিদ্র পরিবারগুলো জীবিকা হারাবে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। কৃষিকাজই তাদের জীবিকার প্রধান অবলম্বন। এরই মধ্যে প্রধান সড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্র্যাক সিড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানি এবং সন্ধানী স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি কমে গেছে। এখন সামান্য যে চার ফসলি আবাদি জমি রয়েছে, সেটুকুও অধিগ্রহণ করা হলে কৃষিনির্ভর পরিবারগুলো আরও সংকটে পড়বে।

 

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন, চাঁদবিল গ্রামের মৌজা নম্বর-৭১-এর মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তায় বিজিবির ভূমিকার প্রতি তাদের সম্মান রয়েছে। তবে ক্যাম্প স্থাপনের জন্য আবাদি জমি অধিগ্রহণ না করে বিকল্প জায়গা নির্ধারণের দাবি জানান তারা।

 

মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী। বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি গুরুদাস হালদার, সজিব আলীসহ স্থানীয় কৃষকরা।

এই বিভাগের আরও সংবাদ