মেহেরপুরে বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশু নিহত হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২২/০৪/২৩) বিকেল পৌনে পাঁচটার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার ইতি বাউট গ্রামের ফরাজীপাড়ার ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বাওট থেকে মোহাম্মদপুর সড়কের পাশেই জিয়ারুল ইসলামের বাড়ি। বিকেলে আইসক্রিম খাওয়ার জন্য সাদিয়া আক্তার ইতি বাড়ি থেকে রাস্তার ওপারে যাচ্ছিল। এ সময় মটমুড়া থেকে বাওট বাজারের দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে সাদিয়ার ধাক্কা লাগে। এতে রক্তাক্ত জখম হয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে শিশুটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল আরোহীরা আহত হয়েছে। তবে দ্রুত তারা স্থান ত্যাগ করায় তাদের পরিচয় পাওয়া যয়িনি। তবে ঘটনাস্থলে তারা একটি টিভিএস স্টাইকার ১২৫ সিসি মোটরসাইকেল ফেলে গেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সীমা বিশ্বাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় সাদিয়ার। পরিবারের লোকজন মরদেহ নিয়ে বাড়ি গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।