কচলা কচলি শব্দ উচ্চারণে আপত্তি, হাসপাতালের চিকিৎসককে লাঞ্চিতের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল ইসলামের ভাই রকিবুল হাসান রিপনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন ডাঃ মাহাবুবুর রহমান। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও জানান তিনি।
মেহেরপুর প্রতিনিধি :

আইসিইউ বিভাগের চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি হওয়া এক রোগী নিয়ে আসেন রকিবুল হাসান রিপন। এ সময় আইসিইউ বিভাগে একটি শয্যার জন্য বার বার অনুরোধ করেন। কিন্তু আইসিইউ বিভাগে কোন শয্যা খালি ছিলো না। এ সময় একজন রোগীকে অন্য বিভাগে দিয়ে ঐ রোগীটিকে শয্যা দেওয়ার কথা বলেন রিপন। রোগী খালি করে কোনভাবেই শয্যা দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। বার বার অনুরোধ করাতে বিরক্ত হয়ে কচলা কচলি না করার অহ্বান জানান তিনি। পরে অকথ্য ভাষায গালিগালাজ শুরু করেন রিপন। ঘটনার এক পর্যায়ে তার দিকে মারার জন্য তেড়ে আসেন রিপন। দরজা পার হয়ে ভিতরে প্রবেশের চেষ্টাও করেন। আইসিইউতে থাকা লোকজন ফটকটি বন্ধ করে দেন। এতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে।
রকিবুল ইসলাম রিপন জানান, তিনি শয্যার জন্য বার বার অনুরোধ করেছেন। তবে চিকিৎসকের মুখে কচলাকচলি শব্দের কথায় আপত্তি জানান তিনি। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। গালিগালাজের কথা স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেন তিনি।