মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করায় মেহেরপুরে মিষ্টি বিতরণ।
মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
নিউজ ডেস্কঃ মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর নগরীর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নেতাকর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতারা টেলিভিশনে শপথ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে কার্যালয়ে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনসহ সব ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়ার জন্য ধন্যবাদও জানান। পরে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ফরহাদ হোসেন। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি।
ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দিন বিশ্বাস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। তিনি ১৯৭০ সালে এমএনএ, ১৯৭২ সালে এমসিএ এবং ১৯৭৩ সালে কুষ্টিয়া-৫ (মেহেরপুর, গাংনী, মুজিব নগর) থেকে সংসদ সদস্য ছিলেন। বঙ্গবন্ধু প্রথমে মেহেরপুরসহ ৬১টি জেলা ঘোষণা করেন এবং ১৯৭৫ সালে তিনি ছহিউদ্দিন বিশ্বাসকে মেহেরপুর জেলার গভর্নর নির্বাচিত করেন। ১৯৮৬ সালে তিনি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অভাবনীয় অবদানের জন্য ছহিউদ্দিন বিশ্বাসকে ২০২২ সালে দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করা হয়।
ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিএল কলেজ থেকে পড়াশোনা করেছেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর-১ আসনে জয়ী হন। ২০১৮ সালে বিজয়ী হওয়ার পর, তিনি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।