সরকারের টাকায় হরিলুট করা যাবে না- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা এ পরিদর্শন করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে তাঁরা দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় দলিল নিবন্ধনে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা, সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যেন উৎকোচ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্ক করেন তাঁরা।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘সরকারি টাকার কোনো হরিলুট করা যাবে না। রেজিস্ট্রি অফিস নিয়ে সব সময় একটি বদনাম রয়েছে—দলিলপ্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা অন্য কেউ অতিরিক্ত টাকা গ্রহণ করেন। এমনকি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকে। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি, মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। তারপরও সবাইকে সতর্ক করতে আজ এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘দলিল নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। কর্মকর্তা-কর্মচারীদেরও কোনো ধরনের উৎকোচ গ্রহণ করা চলবে না। সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিপু, আসাদুলসহ অন্যরা।

এই বিভাগের আরও সংবাদ