প্রেমের চিরকুটে ভালোবাসা নয়, বোমার হুমকি!
প্রেমিকার মন পেতে কত আয়োজনই না করেন প্রেমিকেরা। কিন্তু মেহেরপুরের গাংনীতে এক যুবকের প্রেমের বার্তা পৌঁছাল পুলিশের হাতে।
মেহেরপুর প্রতিনিধি: প্রেমিকার মন পেতে কত আয়োজনই না করেন প্রেমিকেরা। কিন্তু মেহেরপুরের গাংনীতে এক যুবকের প্রেমের বার্তা পৌঁছাল পুলিশের হাতে। জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুর গায়ে সাঁটানো চিরকুটে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।প্রেমিকার কাছে পৌঁছানোর আগেই প্রেমপত্র পৌঁছে গেল থানায়। প্রেমপত্রের সঙ্গে ছিল না কোনো গোলাপ কিংবা উপহার। ছিল কালো কস্টেপে মোড়ানো জর্দার কৌটা। আর তাতে লেখা এমন এক বার্তা, যা পড়ে প্রেমের আবেগের বদলে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। শেষ পর্যন্ত প্রেমের এই অদ্ভুত বার্তা উদ্ধার করতে ছুটতে হলো পুলিশকে।
ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামের। রোববার দুপুরে গ্রামের খেলার মাঠের পাশের একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো কস্টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখা যায়, বস্তুটির গায়ে সাঁটানো রয়েছে একটি চিরকুট। সেখানে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ এমন বার্তা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
প্রেমের ইতিহাসে বিরহের গল্পের অভাব নেই। কেউ প্রেমে ব্যর্থ হয়ে কবি হয়েছেন, কেউ গায়ক। কেউ আবার বছরের পর বছর অপেক্ষা করেছেন প্রিয় মানুষের জন্য। কিন্তু গাংনীর এই প্রেমিক যেন অপেক্ষার ধার ধারেননি। ভালোবাসার প্রস্তাবের বদলে সরাসরি জানিয়ে দিয়েছেন নিজের ভয়ংকর সিদ্ধান্ত। তবে যাঁকে উদ্দেশ্য করে এত আয়োজন, সেই প্রেমিকা আদৌ বিষয়টি জানেন কি না, তা জানা যায়নি।
এদিকে প্রেমের এই বার্তার বাহন হিসেবে জর্দার কৌটা বেছে নেওয়ার কারণও অজানা। কৌটার ভেতরে সত্যিকারের বিস্ফোরক ছিল, নাকি কেবল ভয় দেখানোর কৌশল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকিমূলক চিরকুট লিখে জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুর গায়ে লাগিয়ে রেখে যান। এ ধরনের ঘটনা গাংনী থানায় আগে ঘটেনি।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের গল্পে সাধারণত তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমিক-প্রেমিকারা। কিন্তু এখানে প্রেমিকার দেখা মিলুক আর না মিলুক, পুলিশকে ঠিকই হাজির হতে হয়েছে। প্রেমিকের পরিচয় জানা না গেলেও তাঁর লেখা চিরকুট এখন পুলিশের হাতে।
ভালোবাসা যে জোর করে আদায় করা যায় না, সেটি হয়তো ওই যুবকের বোঝা দরকার। কারণ, প্রেমে প্রত্যাখ্যাত হলে মন ভাঙতে পারে, কিন্তু সেই কষ্টের জবাব বোমার ভয় দেখিয়ে দেওয়া যায় না।
গাংনীর এই প্রেমকাহিনির শেষ পরিণতি কী হবে, তা এখনো অজানা। তবে এটুকু পরিষ্কার, প্রেমিকার মন জয় করার বদলে ওই যুবকের চিরকুট আপাতত জায়গা করে নিয়েছে পুলিশের উদ্ধার করা বোমাসদৃশ বস্তুর সঙ্গে। প্রেমের বার্তা শেষ পর্যন্ত হয়ে উঠেছে পুলিশের তদন্তের বিষয়।