কর্মস্থলে অনুপস্থিত, ইয়াবাসহ আটক সরকারি কর্মচারী!
মেহেরপুরে ইয়াবাসহ আটক হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী আতাউর রহমান ঝন্টু। তিনি মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সাইড ইঞ্জিনিয়ার (মেকানিক) পদে কর্মরত।
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে ইয়াবাসহ আটক হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী আতাউর রহমান ঝন্টু। তিনি মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সাইড ইঞ্জিনিয়ার (মেকানিক) পদে কর্মরত। আটকের আগে টানা সাত দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। দপ্তর থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। অনুপস্থিতির ১০ দিন পূর্ণ হলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুরের বাড়ি বাঁকা বিজিবি ক্যাম্পের সদস্যরা ক্যাম্পপাড়ার বাসিন্দা মৃত হারুনুর রশিদের ছেলে আতাউর রহমান ঝন্টু ও শাহাদাত হোসেনকে দক্ষিণ শালিকার কলুপাড়া থেকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ জানায়, বিজিবির কাছ থেকে হস্তান্তরের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারী ইয়াবাসহ আটকের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আটকের আগে থেকেই তাঁর কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সামনে এসেছে। একজন সরকারি কর্মচারী টানা সাত দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও কেন তাঁর বিরুদ্ধে আগেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
মেহেরপুর সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ সহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান জানান, আতাউর রহমান ঝন্টু গত সাত দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অনুপস্থিতির ১০ দিন পূর্ণ হলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, গতকাল বিজিবি দুজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মাথায় যাহার চুল নাই উনি আতাউর রহমান ঝন্টু।