বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার অভিযোগ, মেহেরপুরে প্রতিবাদ ও মানববন্ধন

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি:

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন, সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ।

কর্মসূচি থেকে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।বীর 

এই বিভাগের আরও সংবাদ