মার্কিন রাষ্ট্রদূতকে হুমকি দেওয়া আ. লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
খারিজ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
নিউজ ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে ‘আক্রমণাত্মক’ মন্তব্য করায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে যে মামলার আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন।
ইন্টারন্যাশনাল ইউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশিম রাজু সোমবার এই মামলার আর্জি জানান।
আদালতের পেশকার রাকিব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা নেওয়ার মত কোনো উপাদান না থাকায় তা খারিজ করে দিয়েছেন।“
খারিজ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মো সিরাজুল ইসলাম সরকার।
তিনি বলেন, “আমি কজলিস্ট দেখে এ আদেশ জানতে পেরেছি। পূর্ণাঙ্গ আদেশ এখনো পাওয়া যায়নি বলে কেন খারিজ করা হল বলতে পারব না। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবদেন জমা দেব।“
আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী ছাড়া মামলার অপর আসামিরা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।
সুত্র: বিবিসি