মেহেরপুর প্রতিনিধি: ৯সেপ্টেম্বর ২০২৬।
মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখা। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জবি জিএস ও জকসু সভাপতি আবদুল আলীম আরিফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জকসুর কার্যনির্বাহী সদস্য মো. আকিব হাসান এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানা ডলার।
এ সম্পর্কিত সংবাদ
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। শিক্ষাজীবনে অর্জিত মেধা ও জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ইসলামী সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।